Friday, 22 June 2018

ছড়াঃসেলুকাস

"সেলুকাস"


ভেঙে ইটের কোনা
আমরা বলি ধ্বসিয়েছি উঁচু দেয়াল।
পুটির পুচ্ছ ধরে
বলি এই দেখো হাঙরের চোয়াল।
জোনাকির পশ্চাত দেখে
বুলি দেই অম্বরে নক্ষত্র হেরেছি।
লিখে দেড় লাইন ছন্দ
বলি এ যুগের রবি ঠাকুর হয়েছি।
নিজের বিন্দুকে  সিন্ধু বলতে নেই কোন দ্বিধা
অপরের প্রশংসার সময় পেটে লাগে ক্ষিধা।
দাদাভাই! নিজের বেলায়তো ষোলআনা
অন্যের বেলায় কেন তুমি এত আনমনা?
উত্তরে দাদাভাইর একটাই জবাব
"বুঝবেনা, বুঝবেনা, ইহাই সেলুকাস।"

কবিতাঃ কংক্রিটের রসায়ন

"কংক্রিটের রসায়ন"


       
ভেবেছিলাম দেখবো আকাশ, দুচোখ মেলে।
গালভরা হাসবো আমি, প্রাণের জানালা খুলে।
আকাশে চাঁদ উঠে, রবির কিরণ শশীতে মিলায়।
দিনে দিনে অযত্নে জানালার মরিচার বেধ বেড়ে যায়।
অতঃপর স্বার্থ আর শীল-পাটা সম্পর্কের খেলা,
অদ্ভুত আর উদ্ভটতার ছায়ামেঘে কেটে যায় বেলা।
এ শহরে সজীব আত্মা মুমূর্ষে রূপ নেয়,
কালান্তরে সে পৈশাচিক আনন্দ দেয়।
কিন্ত আমি অসম্পূর্ণ বিক্রিয়ার উপজাত,
আমি অকৃতকার্য কংক্রিটের রসায়নে।
আমি মুক্তি চাই বাঁধা দেয়ালহীন কারাগারে
মুক্তিতো মিলবে একদিন তবে তা চিরতরে।

কবিতাঃ মফস্বলের দাফন

মফস্বলের দাফন



সন্ধ্যা নেমে এসেছে পশ্চিমের সরোবরে,
উড়তে থাকা শেষ পাখিটিও ফিরেছে ঘরে।
অকস‍্যাৎ কোনো দূর্ঘটনা  উপস্থিত না হলে,
ফুলির বুড়ো রিকশাওয়ালা বাপটাও ফিরবে নীড়ে।
চাকুরে বা ভবঘুরে সবাই এগিয়ে ঘরাভিমুখে,
খাকি পোশাকে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ।
স্ট্যান্ড থেকে এইমাত্র গেল শেষ বাসের পিছনের চাকাটি,
ওই দেখ ঝুলি নিয়ে বিপরীতে হাঁটছে শহুরে ভিক্ষুক।
এবার নিরবতা নামবে শহুরে রাস্তার পিচে।
অতঃপর নিরবতার কাফনে হবে মফস্বলের দাফন।।

কবিতাঃ নিঃসঙ্গ জলযাত্রা

নিঃসঙ্গ জলযাত্রা


চারদিকে কোলাহলের বিপরীতে নিরবতা,
নেই মাথার নিচে সুদৃশ্য বালিশ কিংবা কাঁথা।
জল চিড়ে গন্তব্যের পথে বিরাট জলযানটি,
মধ‍্যবয়স্কা নদীর হালকা বাঁকানো বুক বরাবর।
দৃষ্টিসীমায় অবাধ্য  জলরাশির দস‍্যু তরঙ্গেরা,
উপরে নির্বাক আসমানের অভিজ্ঞ তারা।
সরল অথবা বক্ররেখায় চলছে অগনিত জীবন,  আঁধারে প্রকৃতি নগ্ন, দিয়েছে পোশাক বিসর্জন।
দুপাশে ঘটনার উল্টো-প্রবাহে স্মৃতি চলমান।
সামনে এগিয়ে আমার পৃথিবী ,পিছনে ভালোবাসা।
চলছি কোলাহল থেকে কোলাহলের অভিমুখে,
অন্তর্বর্তীকালীন নিরব নিঃসঙ্গ জলযাত্রা।।


কবিতাঃঅজ্ঞাত বিপ্লবী

অজ্ঞাত বিপ্লবী

রাজপথের কোন উত্তপ্ত মিছিলের ভীরে,
নিরিহ পথচারী, শুধুই হাঁটছি খুব ধীরে,
স্লোগানে মুখরিত জনতা,আমি নির্বাক,
মূকাভিনয়ে আটকে দিচ্ছি কালের কপাট।
এ কি মৃত্যুর মিছিল, নাকি জীবনের জয়গান?
আমি আটকে যাওয়া বিপ্লবী,ছুটছি,শুধুই ছুটছি
তুমি কিংবা আমি অজ্ঞাত এজেন্ডার পতাকাবাহী।

কবিতাঃ মমদেয়াল

মমদেয়াল


আমি আকাশ দেখতে চাই
আকাশে যে মেঘ,
নদীর জলে ভেজাবো পা
কিন্তু নদীর ধারে আঁশটে গন্ধ।
বাতাসে শ্বাস নেবার কথা ছিলো
বাইরে বইছে কালবৈশাখী ঝড়,
একটি বার্তা আসার চুক্তি ছিল কি?
হয়ত ফুরিয়ে গেছে ইনবক্সের কালি।
তাইতো নিজেকে ধিক্কার দিয়ে বলি
মমসত্তা! তুমি বাঁধার দেয়াল।।

কবিতাঃআত্মহত্যা

আত্মহত্যা

চারিদিকে পুরোনো, জীর্ণ দেয়ালের আস্তর।
সময় ব‍্যবধান, নতুন নাটকের মঞ্চায়ন।
সাক্ষীতো সেই পুরোনো; স্মৃতিবহুল ইটগাথুনি।
প্রতিটি নতুন দিনের অবসান, নতুন আত্মহত্যা
অগনিত আত্মহত্যার বিরতিতে জীবন যাপন।
প্রতিক্ষণে আশা রঙে জীবনদেয়ালে আলপনা আঁকা,
পরক্ষনেই কালের ঝড়ে, নশ্বর বালিপতনে দেয়ালক্ষয়।
নতুন প্রত‍্যাশার পারদ জমে, শেষ পরিনতি নব অবক্ষয়।
ভালোবাসার পৃথিবী ছুটছে উল্টো গতিপথ ধরে।
চলে যোদ্ধা, উদ্দেশ্য নতুন আরেকটি আত্মহুতি
ভালোথাকার মরীচিকাছোঁয়া প্রতিযোগিতা: আত্মহত্যা।

কবিতাঃ অভ‍্যাসের পুনরাবৃত্তি

অভ‍্যাসের পুনরাবৃত্তি

অভ‍্যাসের পুনরাবৃত্তি

নিরবতার চাদরাবৃত 'স্বপ্ন সদনের' নিশিগল্প,
মোবাইল স্ক্রিনে বন্দী চিরসাথী দুই-নয়ন,
রুটিনমাফিক মুঠোফোনের ওপারে মিষ্টি কুয়াশা,
আকাশে হয়তো মেঘ, নয়তো চাদের জোৎস্না।
মনে রেখেছি কি আমায় অতিপরিচিত ছাদটা?
হয়তো না!আঁকিনিতো  কভু স্মৃতির দাগ হেথা,
আজ ইহা কি ইতিহাস,সুখবিলাস নাকি মনঃব‍্যাথা!
এখনো অসংজ্ঞায়িত রহস্য,  অনেক স্মৃতিকথা।
এখনোতো আকাশে জোৎস্নাবৃষ্টি হয়, আমি নাই।
পৃথিবীতে এখনো সুখজোয়ার তবুও সুখ কই?
উচ্চ মাধ্যমিক আবেগ উপেক্ষিত ভবনাট‍্যে ।
থেমে নেই জীবননদী উপরন্তু   খরস্রোতা।
বাক্সবন্দী স্মৃতি,চলছে নিয়নপথে অভিযান,
আজকাল বদলে গেছে আনন্দের অভিধান।
সব হারিয়েছে, দোষ নাগরিক স্তর উন্নয়নের ,
শুধু পুনরাবৃত্তি এক উচ্চমাধ‍্যমিক অভ‍্যাসের।
সে রাত জাগা চোখ আর সেলুলয়েড মুঠোফোন।

কবিতাঃজামরুল গাছ

জামরুল গাছ

স্মৃতির জামরুল গাছটি আজো দাঁড়িয়ে,
সময়ের পান্ডুলিপি; মাথাভর্তি পাতা নিয়ে।
প্রাকৃতিক অথবা কৃত্রিম বজ‍্য শরীরে, 
অসহ্য রকম দুঃখবোধে নির্বিকার সে।
বৃক্ষটি অনিরাপদ গন্তব্য; মৃত্যুর পথে ,
অকেজো নয় ওহে! প্রাণহীন হয়ে,
জ্বলবে জ্বালানি হয়ে উনুনে।
উন্নীত হব কবরে ততক্ষণে,
সে হলো জ্বালানি আমি হলাম উর্বরী,
পার্থক্য কোথায়? ছিলামতো দুই প্রাণী।

কবিতাঃ মানচিত্রের গল্প

মানচিত্রের গল্প

একটি গল্প বলতে চাই
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের গল্প।
যে গল্পে পাহাড় আছে,
      সবুজ অরণ্য আছে,
আছে উত্তাল সাগরের ফিনকি ,
পদ্মার রুপালি ইলিশের চুমকি।
আছে ধানগাছের দোলা,
আছে চির হরিতের খেলা।
এর পা টেকনাফ হলে মাথা তেঁতুলিয়া,
একহাত রূপসা আরেক হাত পাটুরিয়া।
এ গল্পে সোনাসম মাটি আছে,
উন্মুক্ত আকাশ আছে,
রাতের অর্ধেক চাঁদ আছে,
গ্রীষ্ম বর্ষার কলহ আছে,
আছে রোদ বৃষ্টির লুকোচুরি।
এ গল্পে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে হাসে ,
তিতুমীর কেল্লা বানায়,
ফকির মজনু মেঠোপথে হাঁটে,
শরীয়তুল্লাহ সংগ্রাম করে।
একে একে আসে
বাংলার বাঘ হক সাহেব,
গনতন্ত্রের মানসপুত্র,
ভাসানী ধীরেন্দ্রনাথেরা।
এ গল্পে সুখের আলো আছে,
আছে দূর্ভিক্ষের হাহাকার।
এ গল্পে স্মরণ করা হবে
আসাদের রক্তাক্ত শার্ট,
রফিক বরকতদের শুকনো মুখ,
তখন গল্পকারের গলা কাঁপবে,
স্বরযন্ত্র হিম নিথর হবে,
কারণ জব্বাররা দিগন্তে মুখ তুলবে।

একে একে গল্পের সমাপ্তি আসবে
আসবে দখলদার হানাদার
নির্মল গগনে শকুন ওড়বে।
আমার বাবা অস্ত্র ধরবে,
মা আর ফুলি নামে বোনটা কাঁদবে,
লজ্জার বেদনায় অস্ফুট আর্তনাদ করবে তারা।
সব চিৎকার ছাপিয়ে
নেপথ‍্যে একটি গম্ভীর ধ্বনি প্রতিধ্বনিত হবে
কোর্ট পরিহিত কিংবদন্তির আওয়াজ শোনা যাবে;
সোহরাওয়ার্দী উদ্যান থেকে,
কল রেডির মেশিনে কলের গান,
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
এবার পর্দা নামবে গল্পের।
দিগন্তে  দৃশ‍্যমান হবে
লাল সবুজে একটি অঙ্কিত মানচিত্র।

কবিতাঃ অস্তিত্ব সংকট

অস্তিত্ব সংকট


নিশুতি রাতে দিশেহারা চাঁদ,
 ‎অলীকতার শাড়ি পরা স্বপ্ন,
 ‎পাখি-ঘুমানো নিরবতায় হঠাৎ সুর,
 ‎অস্তিত্ব খুঁজছি অপেরার গীতিকার।

আকাশ নামক নীল ছাদের দিকে,
সামুদ্রিক পাথুরে রাস্তার শ‍্যাওলা পায়ে,
রহস্যজনক বাস্তবতার সিঁড়ির অন্তিম ধাপ,
উর্দ্ধগমনে রিক্ত মুসাফির নভোচারী।

 দৃষ্টিসীমায় অগনিত উৎসবের আমেজ,
 ‎হরিৎ,মেরুন,আসমানী রংধনু রঙের ভীরে,
 ‎শীতের নির্যাতনে জলহীন বিবর্ণ বৃক্ষ ,
 ‎অস্তিত্বের সন্ধানে অসুখী নিশাচর।

সামাজিক,সনদীয় বহু পরিচয়,
লৌকিকতার পোশাকে বাবু মহাশয়।
নিজ ভুবনে লক্ষ্মীছাড়া উপাধি পায়।
তথাকথিত অস্তিত্বের মাঝে অস্তিত্ব সংকট।

কবিতাঃ আততায়ী

আততায়ী


হৃদয়ের বাম অলিন্দ প্লাটফর্ম থেকে,
আন্তঃনগরট্রেন ছুটছে হাওয়াই বেগে,
আত্মপথে অতিপ্রাকৃত আত্মার খোঁজে,
কখনো‌ সে স্বাভাবিক,কবুও অপ্রকৃতিস্থ।
সমালোচিত হচ্ছে অপ্রকাশিত পান্ডুলিপিটি।
উড়ছে দেখ হকারের মলিন হাতে লিফলেট হয়ে ,
কবির প্রথম স্বপ্ন; শ্রেষ্ঠ সংকলনের নাম-কবিতাখানা।
শোন ওহে শিরোনামহীন ছোটগল্পের নায়কেরা!
সমাজের অচ্ছুত নিয়মের বাউন্ডুলে বাতাসে,
তোমার পঁচা নোংরা লাশের গন্ধ কেউ শুঁকে না,
লিপিবদ্ধ সংবিধানে তোমার বায়োগ্রাফি; আততায়ী।